প্রকাশিত: Tue, Feb 28, 2023 11:06 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:06 AM

বেগমপাড়াবিরোধী একটি প্রতীকী প্রতিবাদ সেখানে হতে পারতো

মঞ্জুরে খোদা টরিক : এখনো পর্যন্ত আপনারা কি এমন শুনেছেন যে, কানাডা প্রবাসী কোনো বাংলাদেশি লুটেরার একজনেরই ১০টা বা আরেক জনের ১৫টা ‘বেগমপাড়া’ মানে বাড়ি/প্রাসাদ আছে? অথচ পত্রিকাগুলো শুধু আগে ক্রমাগত কানাডার বেগমপাড়ার সংবাদ ছেপে গেছে। এখন অবশ্য তাদের কল্যাণে আমরা আমেরিকা, ব্রিটেন, দুবাই, মালয়েশিয়াসহ অন্যান্য দেশের বেগমপাড়ার সংবাদ পাচ্ছি। তারপরও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কানাডা প্রবাসীরা এখানে বেগমপাড়াবিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলাম, যা এখনো চলমান আছে। বাংলাদেশ থেকে যারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ এখানে পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে, তাদের সামাজিকভাবে বর্জনের ঘোষণা দিয়েছি। 

আমেরিকায় ক’দিন পরপর ডজন, ডজন বেগমপাড়ার সংবাদ দেখছি কিন্তু সেটা নিয়ে মার্কিন দেশে কোনো টু-শব্দও নেই। বেগমপাড়াবিরোধী একটি প্রতীকী প্রতিবাদ সেখানে হতে পারতো, কিন্তু তার কিছুই দেখছি না। এসব দেশেই বাংলাদেশ থেকে কোন নেতা-নেত্রীরা গেলে, এয়ারপোর্টে লোক ধরে না। ‘পক্ষে-বিপক্ষে-পার্ক-স্ট্রিট-এভিন্যু স্লোগানে প্রকম্পিত হয়। কখনো ধ্বস্তাধ্বস্তি, ধাওয়া-ধাওয়ীও হয়। কিন্তু বেগমপাড়া নিয়ে নীরব কেন? একজন মানুষও কি নেই, এটা নিয়ে প্রতিবাদ করার? লেখক ও গবেষক